ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। শ্রমিক বিক্ষোভের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকাল ৯টার দিকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। পরে গাছা, বোর্ড বাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকায়ও হাজারো শ্রমিক বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারিকেন এলাকায় বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা পুলিশের একটি সাদা রঙের জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আশিক সাঈদ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দেওয়া গাড়িটি জিএমপির।
জিএমপির উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সকালে তিনি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান। গাড়ি থেকে নেমে যাওয়ার পর মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তারা গাড়িটির আশপাশে জড়ো হয়ে যান। এতে গাড়িটি সরানো সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল। এ সময় গাড়িটিতে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। তবে আমি নিরাপদে আছি।’
পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে আশপাশের অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
কেকে/সাশ