দীর্ঘ চার বছর পর শ্রীমঙ্গল সরকারি কলেজ শিক্ষা ক্যাডার পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে মো. শাহীনুর রহমান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বড় ব্যবধানে জয় পান দুই প্রার্থী।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চার বছর আগে আগের পরিষদের মেয়াদ শেষ হলেও নানা কারণে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচনে সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সুব্রত সাহা পেয়েছেন ৯ ভোট।
অন্যদিকে, যুগ্ম সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাহীনুর রহমান ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অর্থ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় এ পদে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।
তিন সদস্যের নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ পরিচালনা করে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মনকিউল হাসনাত এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুহেব্বুর রহমান।
পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী, কলেজে কর্মরত সব শিক্ষা ক্যাডার কর্মকর্তা এ পরিষদের সদস্য ও ভোটার। কলেজটিতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ মোট ৪৭টি শিক্ষা ক্যাডার পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন ২৩ জন কর্মকর্তা।
নবনির্বাচিত পরিষদ আগামী দুই বছর (২০২৭-২০২৮) দায়িত্ব পালন করবে। নতুন নেতৃত্ব কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সহযোগিতা করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কেকে/সাশ