রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সকাল সাড়ে ৯টার পর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। মোট সাতটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। বস্তির অধিকাংশ ঘর টিনশেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অনেক বাসিন্দা ঘর থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
কেকে/ এমএস