আর্থিক সংকটে পড়ে কাজের আবেদন জানানো বলিউড অভিনেতা শারদ কাপুরের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সালমান খান ও সোনু সুদ। শারদের কঠিন পরিস্থিতির কথা জানতে পেরে দুজনই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সোনু সুদ তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে সালমান খান আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদন অনুযায়ী, পায়ে আঘাত পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন শারদ কাপুর। বিষয়টি জানতে পেরে তার চিকিৎসার ব্যবস্থা করেন সোনু সুদ। শারদের শারীরিক অবস্থা পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিজের পক্ষ থেকে চিকিৎসকদের একটি দল পাঠান তিনি। পাশাপাশি নিজেও শারদের সঙ্গে দেখা করেন। তাদের সাক্ষাতের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দুজনকে হাসিমুখে কথা বলতে দেখা যায়।
অন্যদিকে, সংবাদমাধ্যমটির বরাত দিয়ে জানা গেছে, শারদের দুরবস্থার কথা জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ করেন সালমান খান। ‘জয় হো’ সিনেমায় একসঙ্গে কাজ করা এই সহ-অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেওয়ার সঙ্গে আর্থিক সহায়তাও করছেন সালমান।
সম্প্রতি একটি প্রাণীকল্যাণ সংস্থার মাধ্যমে ভিডিও বার্তায় নিজের দুর্দশার কথা তুলে ধরেন শারদ কাপুর। আর্থিক সংকট ও শারীরিক অসুস্থতার কারণে নিজের চার পোষা কুকুরকে সংস্থাটির তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। কুকুরগুলোকে নিজের ‘চার সন্তান’ বলে উল্লেখ করেন অভিনেতা।
শারদ জানান, পরিবারে নবজাতক সন্তান আসা এবং নিজের শারীরিক সমস্যার কারণে পোষা প্রাণীগুলোর দেখাশোনা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। এমন পরিস্থিতিতে কাজের জন্য বলিউডের সহকর্মীদের কাছে আবেদন জানান এই অভিনেতা।
ভিডিও বার্তায় শারদ বলেন, ‘দয়া করে আমাকে সাহায্য করুন। আমার কাজ প্রয়োজন। ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ অভিনেতাদের কাছে অনুরোধ, তারা যেন তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাকে কাজের ব্যবস্থা করে দেন। আমি সব অভিনেতার ভক্ত এবং সব সময় তাদের নায়কের মতো দেখেছি।’
এদিকে বলিউডের পাশাপাশি হলিউডেও কাজের প্রস্তুতি নিচ্ছেন শারদ কাপুর। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় সাত বছর নিউইয়র্কে থাকার সুবাদে হলিউডে কাজের সুযোগ খুঁজছেন। ইতিমধ্যে একটি হলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। আগামী জানুয়ারিতে এর কাজ শুরু করার কথা রয়েছে।
শারদ বলেন, ‘হলিউডের একটি সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছি। জানুয়ারিতে এর কাজ শুরু করব। পাশাপাশি বলিউডের কাজও চালিয়ে যাব। এটাই আমার দেশ। আশা করছি, দুই মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।’
১৯৯৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় শারদ কাপুরের। এরপর ‘হাথিয়ার’, ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘আঁখোঁ মে তুম হো’ ও ‘লক্ষ্য’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। তবে শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং অভিনীত ‘জোশ’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান এই অভিনেতা।
সূতার: পিংকভিলা
কেকে/সাশ