রংপুরের গঙ্গাচড়ায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ও সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ভুটকা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মো. সুলতান মিয়া ওরফে সাদ্দাম (৫৫)। তিনি গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। অপরজন হলেন বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে সাবেক ইউপি সদস্য মো. আবুল হাসান ওরফে খোকন (৪৩)। তিনি বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে আবুল হাসান ওরফে খোকনকে গ্রেপ্তার করা হয়। তাকে গঙ্গাচড়া মডেল থানার ১০ নভেম্বর ২০২৬ তারিখের ৮ নম্বর মামলায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় গঙ্গাচড়া বাজারের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে সুলতান মিয়া ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। তাকে গঙ্গাচড়া থানার ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ২৮ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কেকে/ এমএস