নাট্যকার আসাদুজ্জামান নূরের রচনায় ও নূনা আফরোজের নির্দেশনায় প্রাঙ্গণেমোর থিয়েটার বাংলাদেশের নতুন নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’র প্রদর্শনীর হল বরাদ্দ বাতিল করেছে বাংলাদেশ মহিলা সমিতি কর্তৃপক্ষ। উদ্বোধনী প্রদর্শনীর মাত্র দুই দিন আগে এ সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নাট্যদলটি। এ ঘটনায় মহিলা সমিতির সামনে প্রতিবাদ সভা, সংবাদ সম্মেলন ও প্রতিবাদী নাট্য প্রদর্শনীর ঘোষণা দিয়েছে তারা।
বুধবার (১৮ নভেম্বর) প্রাঙ্গণেমোর থিয়েটার বাংলাদেশের দলপ্রধান অনন্ত হীরা ও নাটকটির পরিচালক নূনা আফরোজ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে এসব অভিযোগ করা হয়।
বক্তব্যে বলা হয়, আগামী ১৯ ও ২০ নভেম্বর নাটকটির প্রদর্শনীর জন্য মহিলা সমিতির হল বরাদ্দ নেওয়া হয়েছিল। কিন্তু গত ১৬ নভেম্বর চিঠি দিয়ে ওই দুই দিনের হল বরাদ্দ বাতিল করে সমিতি কর্তৃপক্ষ। নাগরিক নাট্য সম্প্রদায়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের জানানো হয়।
নাট্যদলটির অভিযোগ, প্রদর্শনীর মাত্র দুই দিন আগে বরাদ্দ পাওয়া দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে এভাবে হল বরাদ্দ বাতিল করা অন্যায় ও অযৌক্তিক। নাগরিক নাট্য সম্প্রদায়ও কোনো প্রদর্শনী এভাবে বন্ধ করতে পারে কি না, সে প্রশ্ন তুলেছে দলটি।
বক্তব্যে আরও বলা হয়, নাটকটির রচয়িতা আসাদুজ্জামান নূরের অনুমতি রয়েছে কি না, তা নিয়ে মহিলা সমিতি ও নাগরিক নাট্য সম্প্রদায় বারবার উদ্বেগ প্রকাশ করে। এ বিষয়ে মহিলা সমিতি কর্তৃপক্ষকে মৌখিক অনুমতির কথা জানানো হয়েছিল। পরে আসাদুজ্জামান নূর কারাবন্দি থাকায় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্ত্রী ও কন্যার সঙ্গে কথা বলেন নাট্যদলটির সংশ্লিষ্টরা। এরপর আসাদুজ্জামান নূরের স্ত্রী অধ্যাপক ডা. শাহীন আখতারের লিখিত অনুমতিপত্র গত ১৭ নভেম্বর মহিলা সমিতিতে জমা দেওয়া হয়। তা সত্ত্বেও হল বরাদ্দ বাতিল করা হয়েছে বলে অভিযোগ তাদের।
নাটকটির প্রস্তুতি ও আর্থিক ক্ষতির বিষয়ে বক্তব্যে বলা হয়, গত ১৮ মে থেকে ‘দেওয়ান গাজীর কিসসা’র মহড়া শুরু হয়েছে। ছয় মাস ধরে ১৫ জন মঞ্চকর্মী ও সাতজন নেপথ্যকর্মীসহ মোট ২২ জন প্রায় প্রতিদিন মহড়া ও নাটক-সংশ্লিষ্ট কাজে যুক্ত ছিলেন। সেট, সংগীত, লাইট, কস্টিউম, প্রপস ও প্রিন্টিংসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে।
দলটির দাবি, নাটকটির প্রদর্শনীর জন্য শিল্পকলা একাডেমিতে পরপর তিন মাস দুই দিন করে হল বরাদ্দ চেয়ে আবেদন করা হলেও দুই মাসের বেশি সময় পর জানানো হয়, নতুন নাটকের ক্ষেত্রে দুই-তিন দিনের হল বরাদ্দ দেওয়ার নিয়ম নেই। পরে মহিলা সমিতিতে তিন গুণের বেশি ভাড়া দিয়ে ১৯ ও ২০ নভেম্বরের জন্য হল বরাদ্দ নেওয়া হয় এবং ভাড়ার টাকাও পরিশোধ করা হয়। গত ১ নভেম্বর থেকে প্রচার কার্যক্রম শুরু করে দলটি। কিন্তু হঠাৎ বরাদ্দ বাতিলের পাশাপাশি মহিলা সমিতি তাদের ব্যানারও সরিয়ে ফেলেছে বলে অভিযোগ করা হয়েছে।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, মহিলা সমিতির পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ এবং নাট্যচর্চার উপযোগী পরিবেশ তৈরিতে আসাদুজ্জামান নূরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘদিন ধরে নাট্যদলগুলোর হল ভাড়ায় ভর্তুকির ব্যবস্থাও তাঁর উদ্যোগে হয়েছিল বলে দাবি করেছে প্রাঙ্গণেমোর। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে সেই ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়, যা এখনো চালু হয়নি।
এ ঘটনায় ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির সামনে প্রতিবাদ সভা, সংবাদ সম্মেলন ও প্রতিবাদী নাট্য প্রদর্শনীর কর্মসূচি ঘোষণা করেছে প্রাঙ্গণেমোর থিয়েটার বাংলাদেশ। একই সঙ্গে নাট্যকর্মী, নাট্য সংগঠন, সংস্কৃতিজন, সাংবাদিক ও দর্শকদের পাশে থাকার আহ্বান জানিয়েছে দলটি।
কেকে/সাশ