বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। আগামী ২০২৭ সালের শুরুর দিকে তিনি বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসতে পারেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও জোরদার করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণ সাদরে গ্রহণ করে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন দিশানায়েকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। এ সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ককে আরও গভীর করতে আগ্রহী। অতীতের সুসম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে চায় বাংলাদেশ।
এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও দারিদ্র্য বিমোচনে ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের জনগণকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফারমার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি।
সাক্ষাৎকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সময় দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
কূটনৈতিক মহলের দৃষ্টিতে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সম্ভাব্য বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
কেকে/ এমএস