গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি জাকিরুল হাসান জিকুর নেতৃত্বে মশাল মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে শ্রীপুর-কাপাসিয়া সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে নিজের ফেসবুক পোস্টেও মিছিলের বিষয়টি উল্লেখ করেন জাকিরুল হাসান জিকু।
ছড়িয়ে পড়া ভিডিওতে জিকুকে মশাল মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘টুসি আপার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের ব্যানারে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসির ছবি দেখা যায়। জাকিরুল হাসান জিকু রুমানা আলী টুসির ব্যক্তিগত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নিজের ফেসবুক পোস্টে জিকু উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে শ্রীপুর-কাপাসিয়া সড়কে মশাল মিছিল করেছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির নেতৃত্বে ছাত্রলীগের আন্দোলন চলবে বলেও পোস্টে দাবি করেন তিনি।
এ আন্দোলনে সাধারণ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে দাবি করে জিকু আরও লেখেন, গ্রামের খেটে খাওয়া মানুষও শেখ হাসিনাকে দেশে ফিরে পেতে চান। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এত বড় মিছিল করা সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।
কেকে/সাশ