বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
অর্থনীতি
স্কার্ফের ঘোষণায় বেশি শাল, সাধারণ কাচের নামে টেম্পার্ড গ্লাস
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৫০ পিএম

আমদানি করা পণ্যের মিথ্যা ও অসংগতিপূর্ণ ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির চেষ্টা ধরা পড়েছে পানগাঁও ও মোংলা কাস্টমস হাউসে। তিনটি পৃথক চালানে পণ্যের পরিমাণ ও ধরন এবং এইচএস কোডে অসংগতি শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে স্কার্ফের ঘোষণায় বেশি পরিমাণে শাল এবং সাধারণ কাচের ঘোষণায় গ্যাসের চুলায় ব্যবহৃত টেম্পার্ড গ্লাস আমদানির তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় অতিরিক্ত শুল্ক ও জরিমানাসহ মোট ১ কোটি ২৫ হাজার ২৮৮ টাকা আদায় করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদর দপ্তরের অ্যানালাইসিস উইংয়ের ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে চালানগুলো আটকে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় ঘোষণার সঙ্গে প্রকৃত পণ্যের অসংগতি ধরা পড়ার পর সংশ্লিষ্ট কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়ন ও জরিমানা আদায় করে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, পানগাঁও কাস্টমস হাউসে দুটি এবং মোংলা কাস্টমস হাউসে একটি চালানে এসব অনিয়ম শনাক্ত হয়।

পানগাঁওভিত্তিক অ্যানালাইসিস উইংয়ের টিম-০২-এর ঝুঁকি বিশ্লেষণে এম/এস নবিলা ফ্যাশন ও রুবাবা বুটিকসের দুটি আমদানি চালানে রাজস্ব ফাঁকির আশঙ্কা দেখা দেয়। গত ৭ ও ৮ নভেম্বর ২০২৬ তারিখে দাখিল করা বিল অব এন্ট্রি নম্বর ২০৯৫ ও ২০৯৭-এর বিপরীতে চালান দুটির ঘোষিত মোট ওজন ছিল ৩৪ হাজার ৮২৮ কেজি।

আমদানিকারক প্রতিষ্ঠান দুটি চালানে স্কার্ফ ও শাল ঘোষণা দিয়েছিল। তবে গোয়েন্দা বিশ্লেষণে দেখা যায়, ঘোষণায় স্কার্ফের পরিমাণ বেশি দেখানো হলেও প্রকৃতপক্ষে বিভিন্ন আকারের শালের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পণ্য দুটির এইচএস কোড ও মোট করভার একই হলেও শুল্কায়নযোগ্য মূল্যের পার্থক্যের কারণে রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি হয়।

পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদর দপ্তরের দল এবং পানগাঁওয়ের সংশ্লিষ্ট সার্কেলের কর্মকর্তারা যৌথভাবে চালান দুটি শতভাগ কায়িক পরীক্ষা করেন। এতে ঘোষণার তুলনায় স্কার্ফ কম এবং লেডিস শাল ও মিনি শালের পরিমাণ বেশি পাওয়া যায়।

এই অসংগতির ভিত্তিতে পানগাঁও কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়ন করে। এতে নবিলা ফ্যাশনের চালান থেকে ৪৯ লাখ ৮৮ হাজার ৭৮৯ টাকা ৫৬ পয়সা এবং রুবাবা বুটিকসের চালান থেকে ৩৯ লাখ ৬৩ হাজার ৪১৮ টাকা ৪৪ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় হয়। দুটি চালান থেকে আদায়ের পরিমাণ দাঁড়ায় ৮৯ লাখ ৫২ হাজার ২০৮ টাকা।

অন্যদিকে, মোংলা কাস্টমস হাউসে আবির ট্রেডার্সের একটি চালানে পণ্যের এইচএস কোডে অসংগতি পাওয়া গেছে। মোংলাভিত্তিক অ্যানালাইসিস উইংয়ের টিম-০৫-এর ঝুঁকি বিশ্লেষণে চালানটি শনাক্ত করা হয়। ২৫ হাজার ৪৩২ কেজি ঘোষিত নেট ওজনের ওই চালানে গ্যাসের চুলার যন্ত্রাংশের সঙ্গে আমদানি করা কাচের জন্য এইচএস কোড ৭০০৬.০০.০০ ঘোষণা দেওয়া হয়েছিল।

কিন্তু কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, মোংলার শতভাগ কায়িক পরীক্ষায় গ্যাসের চুলায় ব্যবহৃত টেম্পার্ড টপ গ্লাস পাওয়া যায়। পরীক্ষণ প্রতিবেদনে পণ্যটির প্রযোজ্য এইচএস কোড ৭০০৭.১৯.৯০ উল্লেখ করা হয়। একই সঙ্গে অসত্য ঘোষণা দেওয়ার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

পরবর্তী সময়ে মোংলা কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়ন করে চালানটি থেকে ৪ লাখ ৭৩ হাজার ৮০ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করে। পাশাপাশি ৬ লাখ টাকা অর্থদণ্ড ও বিমোচন জরিমানা আদায় করা হয়। এ ঘটনায় মোট আদায়ের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৭৩ হাজার ৮০ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঝুঁকি বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের কায়িক পরীক্ষার মাধ্যমে তিনটি চালানে ঘোষণার অসংগতি শনাক্ত হওয়ায় সরকারের অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে। তিন চালানে অতিরিক্ত রাজস্ব ও জরিমানা মিলিয়ে মোট আদায় হয়েছে ১ কোটি ২৫ হাজার ২৮৮ টাকা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close