রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামে এক নারী পোশাকশ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, দুপুরের খাবারের বিরতিতে বাসায় যাওয়ার পথে নুপুরের ওপর অতর্কিত হামলা চালায় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে রূপনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে কী কারণে ওই নারী শ্রমিকের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
কেকে/সাশ