ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী আওয়ামী লীগ গঠন করেছিলেন। পরে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে আওয়ামী লীগের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলে আখ্যায়িত করেছিলেন। অথচ এখন তারাই ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। পুলিশের গাড়ি ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলা চালাচ্ছেন। কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দিচ্ছেন। দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের পুরোনো ‘জমিদারি’ ফিরিয়ে আনতে বোমাবাজির মাধ্যমে আবারও প্রত্যাবর্তনের চেষ্টা চলছে।
রিজভী বলেন, যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা হামলা চালিয়ে দমিয়ে রাখা যাবে না।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই তিনি উপলব্ধি করেছিলেন, পাকিস্তান টিকবে না এবং একসময় এ দেশ স্বাধীন হবে। সে সময়ই তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির পরিস্থিতি এবং ১৯৭৬ সালের ফারাক্কা মিছিলের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তবে তার পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান ও ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যরা।
কেকে/সাশ