মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলার লেমুবাড়ি ও বেতিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লেমুবাড়ি এলাকার রাজিব এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল মজুদ ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বেতিলা এলাকার মেঘবাড়ি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় তিনি প্রতিষ্ঠান দুটির মালিক ও দায়িত্বশীল ব্যক্তিদের ভবিষ্যতে আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন।
কেকে/ এসএমএন