সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনীর কাছে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে চাল, তেল, সিগারেট, মুঠোফোনসহ ১৯ ধরনের মালামাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।
সংবাদ সম্মেলনে ওসি জানান, সুন্দরবনে সক্রিয় সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি বনদস্যুদের কাছে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। এ সময় বনদস্যুদের জন্য খাবার ও পানি পরিবহনের সময় ফরিদুজ্জামান ও রিপন হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুই বস্তা বা ৫০ কেজি চাল, ৪৮টি স্লিপ, ২৪টি ম্যাচ, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, চার প্যাকেট মশার কয়েল, ৮০ প্যাকেট সিগারেট, আটটি পানির জার, একটি পুরোনো রিয়েলমি স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোন। এ ছাড়া বিস্কুট, ওষুধ, লিপজেল, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
ওসি মো. রাশেদুল আলম বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/ এসএমএন