রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিসোঁটা, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে হামলা চালায়। এ সময় ভবনের নিচতলায় ভাঙচুর করা হয়। ভবনটির চতুর্থ তলায় ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয় রয়েছে। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কার্যালয় পর্যন্ত পৌঁছাতে পারেনি।
বুধবার দুপুর ২টার দিকে সরেজমিনে গিয়ে ভবনের সামনের কাচের দেয়াল ভাঙা এবং লিফট ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।
ঘটনার বিষয়ে ভবনটির নিচতলায় অবস্থিত একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী সুমন সমকালকে বলেন, সকাল ৯টার আগে হঠাৎ শতাধিক লোক এসে হামলা চালান। তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনে আক্রমণ করেন। এ সময় হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে কয়েকজন আহত হন।
এদিকে দুপুরে শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয় বন্ধ দেখা যায়। ভবনের সামনে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা জানান, শ্রমিকদের আন্দোলনের মধ্যে তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন। এ সময় আন্দোলনকারীদের একটি পক্ষ ভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
কেকে/সাশ