সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো রোধে কোনো সংবাদ, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, ভুল তথ্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অস্থিরতা তৈরির পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজশাহী নগরের রানীবাজারের এস কে ফুড কর্নারে বরেন্দ্র ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বিডো) আয়োজনে ভুল তথ্য, অপতথ্য ও তথ্য যাচাইবিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দেখেই বিশ্বাস বা শেয়ার করা উচিত নয়। প্রচারের আগে তথ্যের উৎস, প্রকাশের তারিখ ও নির্ভরযোগ্যতা যাচাই করতে হবে। এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডোর রাজশাহীর নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী। প্রকল্পের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
‘স্বাধীনতা—ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (ফ্রিডম)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সেমিনারে সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।
বক্তারা বলেন, ভুল তথ্য ও অপতথ্যের অপব্যবহারে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সামাজিক বিভেদ তৈরি হতে পারে। তাই তথ্যের উৎস ও প্রেক্ষাপট যাচাইয়ের পাশাপাশি ব্যক্তিগত তথ্যের সুরক্ষায়ও সতর্ক থাকতে হবে।
সাইবার সহিংসতার শিকার হলে আতঙ্কিত না হয়ে থানা, সাইবার ক্রাইম ইউনিট, জাতীয় জরুরি সেবা ৯৯৯, হেল্পলাইন ১০৯ এবং ব্লাস্টসহ আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন বক্তারা।
কেকে/সাশ