নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির পাশে মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। পরে তারা এমপি দিপু ভূঁইয়ার গোলাকান্দাইলের বাড়ির পাশের মাসুমের গ্যারেজের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় এক রাউন্ড গুলির শব্দও শোনা যায় বলে দাবি করেন তারা।
অগ্নিসংযোগের পর মুহূর্তের মধ্যেই বাস দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম সাংবাদিকদের জানান, তার দুটি বাসই সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির সামনে মাসুমের গ্যারেজে রাখা হতো। রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত সড়কে রাখা তার দুটি বাসে আগুন দেয়। এতে তার সর্বস্ব শেষ হয়ে গেছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
ঘটনার খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমপির বাড়ির পাশে এমন অগ্নিসংযোগ ও গুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারা এবং কী উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দিয়েছে, সেই সঙ্গে গুলি ছোড়ার অভিযোগের সত্যতা কী, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কেকে/ এসএমএন