কক্সবাজারের উখিয়া উপজেলায় ইনানী সমুদ্রসৈকতে বালিয়াড়ি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পেভেলস্টোন রিসোর্টের মালিকপক্ষের বিরুদ্ধে। পরিবেশ সংরক্ষণ আইন ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগের মধ্যেই চলছে নির্মাণকাজ। স্থানীয়দের প্রশ্ন, সৈকতের বালিয়াড়ি রক্ষায় প্রশাসনের উচ্ছেদ অভিযান চললেও কীভাবে সেখানে নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছে?
সরেজমিনে দেখা গেছে, ইনানী সৈকতসংলগ্ন পেভেলস্টোন রিসোর্টের পাশে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটির একাধিক তলার কাঠামো দৃশ্যমান হয়েছে এবং ছাদ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। সৈকতের বালুময় এলাকার এত কাছে স্থাপনা নির্মাণে বালিয়াড়ি ও উপকূলীয় পরিবেশের ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১৯৯৯ সালে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, এ এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য, বালিয়াড়ি, জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। ফলে সেখানে বালিয়াড়ির স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট করে স্থাপনা নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগে ওই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন অভিযান চালিয়েছে। অথচ একই এলাকায় নতুন করে নির্মাণকাজ চলায় প্রশাসনের নজরদারি ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ভবন নির্মাণের বিষয়ে পেভেলস্টোন রিসোর্টের মালিক জেমস বাবু হাজরা বলেন, ‘এটি আমার মালিকানাধীন জায়গা। সব বৈধ অনুমতি নিয়েই বহুতল ভবনটি নির্মাণ করছি। এ জায়গা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালত থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশও রয়েছে।’
তবে মালিকপক্ষের এই বক্তব্যের পর আদালতের স্থিতাবস্থার নির্দেশের আওতাভুক্ত জমিতে নির্মাণকাজ চলছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতের আদেশের বিষয়বস্তু, জমির সীমানা এবং নির্মাণকাজের সঙ্গে আদেশের সামঞ্জস্য যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আইনজীবী জসিম আজাদ বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে দখলদারত্ব যেন থামছেই না। ইসিএ এলাকায় এ ধরনের নির্মাণ সম্পূর্ণ বেআইনি। দ্রুত উচ্ছেদ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে।’
তিনি আরও বলেন, ‘আদালতের স্থিতাবস্থার নির্দেশ থাকা অবস্থায় নির্মাণকাজ চলার বিষয়টি যাচাই করা জরুরি। আদালতের আদেশ অমান্যের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননাসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া উচিত।’
এর আগে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন সরকারি খাসজমি উদ্ধারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা ওই অভিযানে প্রায় তিন একর জমি থেকে অস্থায়ী স্থাপনা এবং আরও এক একর জমি থেকে আধাপাকা রিসোর্ট উচ্ছেদ করা হয়।
স্থানীয় সাংবাদিক আশিকুর রহমান বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে যারা অবৈধভাবে স্থাপনা গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। নইলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হবে।’
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ‘স্থাপনাটির বিষয়ে এখন অবগত হলাম। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশসংশ্লিষ্টদের মতে, বালিয়াড়ি উপকূলকে ঢেউ, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তনের ফলে দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে।
এ অবস্থায় নির্মাণাধীন ভবনটির জমির মালিকানা, ইসিএ এলাকার মধ্যে অবস্থান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদনসহ প্রয়োজনীয় সব সরকারি অনুমোদন যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণকাজের বিষয়ে আইনসম্মত ব্যবস্থা নেওয়া জরুরি। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও অবৈধ স্থাপনা অপসারণ নিশ্চিত করতে হবে।
কেকে/এসএমএন