স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) চুক্তি ব্যবস্থাপনা ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের চতুর্থ তলার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর।
সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ, আবু সালেহ মো. হানিফ, মো. গোলাম আজম, মো. গোলাম ইয়াজদানী, মো. দেলোয়ার হোসেন মজুমদার এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
এ ছাড়া এলজিইডির সাতক্ষীরা, বরগুনা ও ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন। কেএফডব্লিউর প্রতিনিধি এসকে তৌহিদুর রহমান, ডিএমএস কনসালট্যান্ট, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মনোনীত প্রতিনিধি এবং প্রকল্প ব্যবস্থাপকরাও উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স মো. রাশাদুজ্জামান, মেসার্স মীর আখতার হোসেন এবং এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড।
সভায় ক্রিম্প প্রকল্পের পরিচালক মো. আবদুল খালেক প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। এ সময় চুক্তির বর্তমান অবস্থা, নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে কাজের অগ্রগতি, বাস্তবায়নে বিলম্ব, গুরুত্বপূর্ণ সমস্যা এবং সেগুলো সমাধানে প্রস্তাবিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া প্রকল্পের কাজের জন্য প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সংগ্রহের অগ্রগতি এবং পরিবেশগত, সামাজিক, স্বাস্থ্য ও নিরাপত্তা (ইএসএইচএস) বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
আলোচনায় প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও চুক্তিগত জটিলতা নিরসন, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টনের বিষয়গুলো গুরুত্ব পায়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও সভায় আলোচনা হয়।
কেকে/ এসএমএন