নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে (৭) শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘নুহা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তারা।
নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের মাহতাপুর গ্রামে বড় ভাইয়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নুহা। ওই দিন সন্ধ্যায় একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের অভিযোগ তোলা হলেও পুলিশ প্রথমে অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে।
গত সোমবার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়। এতে গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুরু থেকেই পরিবার হত্যাকাণ্ডের দাবি জানিয়ে এলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয় ব্যক্তিরা।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।’
কেকে/ এসএমএন