রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একযোগে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী।
বুধবার (১৮ নভেম্বর) রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
ভর্তির যোগ্যতা
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এ ছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। পাশাপাশি প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
জিসিই শিক্ষার্থীদের যোগ্যতা
জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। তাদের ‘ও’ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেতে হবে। পাশাপাশি ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—প্রতিটি বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে।
এ ছাড়া প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর অথবা তার পরে ‘এ’ লেভেলের সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।
রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে এবার ১৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পালন করবে এ জন্য গঠিত স্টিয়ারিং কমিটি।
কেকে/ এমএস