রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য, চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি এসব সহায়তার কথা জানান।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বস্তির একটি অংশে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ডিএনসিসি প্রশাসক।
ডিএনসিসি জানায়, প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের নির্দেশনায় প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহমান সানি ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসায় মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।
ক্ষতিগ্রস্তদের জন্য বুধবার দুপুর ও রাত এবং বৃহস্পতিবার সকাল, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বুধবার বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রশাসক জানান, ধ্বংসস্তূপ পরিষ্কারের পর ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি আগের অবস্থায় পুনর্নির্মাণ করে দেওয়া হবে। এ জন্য ভূমির মালিকদের আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে ভাড়া না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী এক বছরের আগে তাদের উচ্ছেদ বা অন্যত্র চলে যাওয়ার নোটিশ না দেওয়ার কথাও জানানো হয়েছে।
সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে অনিয়ম ঠেকাতে বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু নিজ নির্বাচনী এলাকায় নয়, সারা দেশেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বাসস্থান নির্মাণে সহযোগিতা করছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।’
কেকে/ এসএমএন