নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফ (২৫) নামে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন। তার বাড়ি কুমিল্লার সাহারাস্তি উপজেলায়। আট মাস আগে নাহিদা ইয়াসমিনের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জুয়েল আরমান আহত হন।
এর জেরে রাতে দেলোয়ারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে জুয়েল আরমানের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় প্রতিবেশী আবু ইউসুফ ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় হামলার ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী নাহিদা ইয়াসমিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ফতুল্লায় আদালত প্রাঙ্গণে জামিন নিতে এসে জুয়েল আরমান প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা করেন। পরে রাতে জুয়েল হাওলাদারের বাড়িতে তার সমর্থকেরা হামলা চালান। এ সময় হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফ নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/ এসএমএন