বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ ব্যবস্থায় সেচের চাহিদা মেটানোর পর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এতে জ্বালানি ব্যয় কমার পাশাপাশি কার্বন নিঃসরণও কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিএমডিএর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ১৭ হাজার ৮৮টি সেচযন্ত্রের মধ্যে বর্তমানে ৬৯২টি সৌরবিদ্যুতের আওতায় এসেছে। এর মধ্যে ২৫৩টি সেচযন্ত্রে নেট মিটারিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আরও ১৫ হাজার ৭৫৭টি সেচযন্ত্রে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং চালু করা গেলে বছরে প্রায় চার লাখ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হতে পারে।
নেট মিটারিং ব্যবস্থায় সৌরবিদ্যুতের মাধ্যমে প্রথমে সেচের চাহিদা পূরণ করা হবে। এরপর উদ্বৃত্ত বিদ্যুৎ দ্বিমুখী মিটারের সাহায্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমার পাশাপাশি জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় বাড়তি বিদ্যুৎ যুক্ত হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে সৌরায়ন কমিটি গঠন, নীতিমালা প্রণয়ন, কারিগরি পর্যালোচনা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে। বিএমডিএর চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএমডিএর নির্বাহী পরিচালক (গ্রেড-২) মো. জাহাঙ্গীর আলম খান দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, জনবল সংকট নিরসন, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব এসএম দেলোয়ার হোসেন জানান, জনবল সংকট নিরসনে ৬৫০ জন কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। এতে মাঠপর্যায়ে সেচযন্ত্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কৃষকসেবা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা চালু হলে কৃষকেরা দিনের আলোতেই জমিতে সেচ দিতে পারবেন। এতে রাতে সেচ দেওয়ার ভোগান্তি, শ্রমিক সংকট ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি সেচযন্ত্রের সচলতা, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পর্যবেক্ষণে কেন্দ্রীয় লাইভ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।
বিএমডিএর সেচ শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান বন্ধ হয়ে যাওয়া প্রায় এক হাজার ১০০টি সেচযন্ত্র পুনরায় সচল করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার তদারকি ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এসব সেচযন্ত্র চালু করা সম্ভব হয়।
বিএমডিএর কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তাদের আশঙ্কা, এ ধরনের তৎপরতা প্রতিষ্ঠানের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে।
সংশ্লিষ্টদের মতে, জনবল সংকট নিরসন, সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তায়ও বিএমডিএর এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
কেকে/ এসএমএন