যশোরের কেশবপুরে মৎস্য ঘেরের পানিতে ভাসমান অবস্থায় আনসার গাজী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (17 নভেম্বর) বিকেলে ঘেরের ভেতরে কাজ করার সময় নিখোঁজ হন আনসার গাজী। বুধবার সকালে ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
ঘের মালিকের সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর ডুমুরিয়া বাজার থেকে মাসিক ১১ হাজার টাকা বেতনে দিনমজুর হিসেবে আনসার গাজীকে কাজে নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে কাজ করার একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে রাতে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।
নিহত আনসার গাজীর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে। তার স্ত্রী জানান, স্বামী দিনমজুরের কাজ করতে কেশবপুরে এসেছিলেন। বুধবার সকালে তার মৃত্যুর খবর পান তিনি।
খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ছাড়া সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজবাহ ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
সিআইডি পরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
কেকে/ এসএমএন