বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
রাজনীতি
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে ঐক্যের ডাক তারেক রহমানের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে দলটির অপতৎপরতা রুখতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র এবং বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।    

স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে দেশের রাজনৈতিক পরিস্থিতি, পোশাকশিল্পের অস্থিরতা ও জাতীয় উন্নয়ন নিয়ে বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার দেশকে স্বনির্ভর ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে। কিন্তু পতিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।’   

প্রধানমন্ত্রী বলেন, ‘হত্যা, গুম ও নির্যাতনের পরও দলটির চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী। দেশের ভেতরে কিংবা বাইরে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’ 

বিদেশে অবস্থানরত এই গোষ্ঠীকে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদেরও সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা দেশের স্বাধীনতাপ্রিয় মানুষের কাছে তাদের অবস্থান স্পষ্ট করেছে।’ 

পোশাকশিল্পের অস্থিরতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা গার্মেন্টসশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে। স্বাস্থ্য খাতের মতো পোশাকশিল্পকেও পরনির্ভরশীল করে অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা ভেবে দেখার সময় এসেছে।’ 

শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে।’

কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কারখানা নষ্ট হলে শ্রমিকদের বেতন আসবে কোথা থেকে?’ 

দেশের সুষম উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। পিছিয়ে পড়া অঞ্চলসহ সারা দেশের এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।’ 

ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক দলকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত ও পরাজিত অপশক্তির বিরুদ্ধে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে।’   

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ 

বাংলাদেশকে আর কোনো তাবেদার শক্তির হাতে তুলে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, `গণতন্ত্রকামী জনগণ তাদের আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।'  

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   আওয়ামী লীগ   জাতীয় সংসদ   গণ-অভ্যুত্থান   পোশাকশিল্প   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close