গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপাসিয়া বাসস্ট্যান্ডের তাজউদ্দীন আহমদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হকের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ, কাপাসিয়া বাজার কমিটির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন ও কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বাড়ানো এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
কেকে/ এসএমএন