বাংলাদেশের পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, সক্ষমতা ও সাড়াদান ব্যবস্থা পর্যালোচনা করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক জরুরি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধি দল।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আইএইএর জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন (ইপিআরইভি) এর সরেজমিন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে প্রতিনিধি দলটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে।
পরিদর্শন শেষে আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে প্রকল্পটির জরুরি প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে সাড়াদান কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
যৌথ সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চেয়ারম্যান মাহমুদুল হাসান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান এবং নিউক্লিয়ার সেফটি বিভাগের প্রধান ড. মো. আব্দুর রব শেখ উপস্থিত ছিলেন।’
আইএইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বিশেষজ্ঞ মার্ক ব্রেইটিঙ্গার। মিশনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আইএইএ কর্মকর্তা আদ্রিয়ানা-সেলেস্তিনা বাচিউ। ১০ সদস্যের প্রতিনিধি দলটি সভায় অংশ নেয়।
এ ছাড়া অনলাইনে সভায় যুক্ত হন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. কবির হোসেন এবং ভিয়েনায় বাংলাদেশ স্থায়ী মিশনের নিউক্লিয়ার অ্যাটাশে তানভীর হাসান।
ইপিআরইভি মিশনের মূল উদ্দেশ্য হলো, পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, ব্যবস্থাপনা এবং জরুরি সাড়াদান ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে মূল্যায়ন করা।
কেকে/ এসএমএন