ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আয়োজনের খবর ছড়িয়ে পড়ে। ওই মিছিলে হামলার উদ্দেশ্যে লগি-বৈঠা মজুত করা হচ্ছে, এমন তথ্য পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার এবং বাড়ির মালিককে আটক করে থানায় নেওয়া হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
কেকে/ এসএমএন