রাজধানীর উত্তরা ও ইস্কাটনে নতুন দুটি ফ্ল্যাগশিপ শোরুম চালু করেছে ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। এর মাধ্যমে ঢাকায় বিক্রয় ও সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক মোটরসাইকেলের ব্যবহার বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
১৮ নভেম্বর (বুধবার) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রিভোর গ্রাহক, রাইডার কমিউনিটির সদস্য, ডিলার, ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি ও প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে ছিল বিশেষ রিভো রাইডার্স র্যালি, গ্রাহকদের জন্য বিভিন্ন আয়োজন, ইলেকট্রিক মোটরসাইকেল প্রদর্শনী ও বিশেষ অফার। এসব আয়োজনের মধ্য দিয়ে গ্রাহক ও রাইডারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রতিষ্ঠানটি।
নতুন দুটি শোরুমেই থাকছে সমন্বিত ৩এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) সুবিধা। এর ফলে একই জায়গা থেকে মোটরসাইকেল কেনা, দক্ষ কর্মীদের মাধ্যমে সার্ভিসিং এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করতে পারবেন গ্রাহকেরা।
শোরুম দুটিতে রিভোর বিভিন্ন মডেলের ইলেকট্রিক মোটরসাইকেল, পণ্যের বিস্তারিত তথ্য ও কেনাকাটায় প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। পাশাপাশি মোটরসাইকেল কেনার পর নিয়মিত রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং ও মেরামতসেবার পাশাপাশি পাওয়া যাবে প্রতিষ্ঠানের আসল যন্ত্রাংশ।
উদ্বোধন উপলক্ষে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, ‘উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ফ্ল্যাগশিপ শোরুম চালু করা রিভো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিক্রয়, সার্ভিস ও যন্ত্রাংশের সমন্বিত ৩এস সুবিধার মাধ্যমে আমরা একই ছাদের নিচে গ্রাহকদের সম্পূর্ণ সেবা দিতে চাই। আমাদের লক্ষ্য শুধু বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো নয়, বরং গ্রাহকদের আস্থা অর্জন, বিক্রয়-পরবর্তী সেবার মান উন্নত করা এবং রিভোর একটি শক্তিশালী রাইডার কমিউনিটি গড়ে তোলা। বাংলাদেশের সর্বত্র আধুনিক ও পরিবেশবান্ধব ইলেকট্রিক যাতায়াতব্যবস্থাকে আরও সহজলভ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ ক্যাম্পেইন চলবে। এ সময়ে নির্দিষ্ট মডেলের রিভো ইলেকট্রিক মোটরসাইকেল কিনলে বিনা মূল্যে একটি হেলমেট পাবেন ক্রেতারা। এ ছাড়া দুটি শোরুম থেকে একজন করে মোট দুজন বিজয়ীকে দেওয়া হবে কক্সবাজারে তিন দিন ও দুই রাত ভ্রমণের সুযোগ। পুরস্কারের অংশ হিসেবে থাকবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকিট এবং হোটেলে থাকার ব্যবস্থা।
নতুন শোরুম দুটির মাধ্যমে রাজধানীতে বিক্রয় ও সার্ভিস নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করতে চায় রিভো বাংলাদেশ। একই সঙ্গে গ্রাহকদের কাছে ইলেকট্রিক মোটরসাইকেল ও প্রয়োজনীয় বিক্রয়-পরবর্তী সেবা সহজলভ্য করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
কেকে/ এসএমএন