চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাড়ির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলাকালে নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান সদস্যরা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
তিনি জানান, বাড়িটির নিচতলায় কেউ বসবাস করেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
পাঁচলাইশের এই বাড়িতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে। তবে তার মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।
এর আগে, চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কেকে/ এমএস