প্রথমবারের মতো লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণ, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর কথা রয়েছে তার।
সেখানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি ঘিরে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়েরও পরিকল্পনা রয়েছে।
দুপুরের কর্মসূচি শেষে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি নেবেন তিনি। পরে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
দিনব্যাপী সফরের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কেকে/ এমএস