ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে টানা দুই সপ্তাহ ধরে উত্তপ্ত দেশের তৈরি পোশাকশিল্পের প্রধান শিল্পাঞ্চলগুলো। বুধবারও গাজীপুর, সাভার, আশুলিয়া ও রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
বিশেষ করে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত থাকায় কারখানা, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। অন্যদিকে অর্থনীতিবিদদের মতে, দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় শ্রমিকের মজুরি কমিয়ে মেটানো কোনোভাবেই ন্যায্য নয়। দ্রুত আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করা না হলে দেশের প্রধান রপ্তানি খাতের উৎপাদন ও রপ্তানি বাণিজ্যে আরও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ :
গতকাল রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বেলা পৌনে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সড়কে শ্রমিকদের অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন :
শিল্পপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে গাজীপুরের ছয়দানা ও হারিকেন এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে উভয় দিকে যান চলাচল ব্যাহত হয়।
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের মধ্যে হারিকেন এলাকায় মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন গাড়িটি পুলিশের বলে নিশ্চিত করেন।
শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি বিবেচনায় গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় বুধবার ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ :
গাজীপুরের পাশাপাশি সাভারেও দিনভর শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। দুপুর আড়াইটার দিকে সাভারের উল্লাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের কয়েক হাজার শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সকালে কারখানার কাজ বন্ধ রেখে অবস্থান করছিলেন শ্রমিকেরা। পরে কর্তৃপক্ষ বেলা সোয়া ২টার দিকে সাধারণ ছুটি ঘোষণা করলে তারা মহাসড়কে নেমে আসেন। এ সময় শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত সেখানে উত্তেজনা চলছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল-মুসলিম গ্রুপের কারখানায় ২০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন।
আশুলিয়ায় ২৫ কারখানা বন্ধ, বিভিন্ন স্থানে বিক্ষোভ :
আশুলিয়া শিল্পাঞ্চলেও বুধবার সকাল থেকে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়ে। জামগড়া, নরসিংহপুর, খেজুরবাগান ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।
সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। তবে ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেডের আশপাশে কিছু শ্রমিক জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সকাল সোয়া ১০টার দিকে নরসিংহপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এ ছাড়া খেজুরবাগান, জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। হেমায়েতপুরের বিভিন্ন কারখানায়ও উৎপাদন বন্ধ রাখার খবর পাওয়া গেছে।
ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির :
তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটির হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে একজন শ্রমিকের মাসে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন। আর মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে ‘পোশাক খাতের ন্যায্য মজুরি ২০২৬ :
বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা উচিত। এ ক্ষেত্রে শুধু মালিক-শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর না করে প্রমাণনির্ভর পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।
সিপিডির হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। বড় ধরনের শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের পর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে বলে মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।
তিনি বলেন, মজুরি পর্যালোচনা ও নির্ধারণের জন্য পাঁচ থেকে ছয় মাস সময় নেওয়া উচিত ছিল। আগেভাগে বোর্ড গঠন করা হলে শ্রমিকদের আন্দোলন-সংগ্রাম এড়ানো সম্ভব হতো।
দুর্নীতির দায় শ্রমিকের মজুরি কমিয়ে মেটানো ন্যায্য নয় :
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দুর্নীতির দায় শ্রমিকের মজুরি কমিয়ে মেটানো কোনোভাবেই ন্যায্য সমাধান হতে পারে না। যারা দুঃশাসন ও সুশাসনের অভাবের কথা বলেন, তারাই অর্থ দিয়ে রাজনীতিবিদদের নির্বাচনে জয়ী করান। তাহলে তারা কেন দুর্নীতিমুক্ত ও সুশাসিত অর্থনীতি আদায় করতে পারবেন না? মেহনতি মানুষের ওপর দুর্নীতির ভর্তুকি চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মজুরি ইস্যুতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা লাগাতার শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে ড. দেবপ্রিয় বলেন, শ্রম ও মজুরির বিষয়টিকে আইনশৃঙ্খলার অনুঘটক বা রাজনৈতিক উত্তেজনার বিষয়ে পরিণত হতে দেওয়া উচিত হয়নি। একটি গণতান্ত্রিক দেশে নাগরিক ও রাজনৈতিক ভাষ্যের মাধ্যমে সমস্যার সমাধান এবং আস্থা তৈরির যে সুযোগ থাকা দরকার, বর্তমানে তার বড় ঘাটতি দেখা যাচ্ছে।
তিনি বলেন, একটি নির্বাচিত সরকার আট-নয় মাস পার করলেও মূল প্রতিশ্রুতি বাস্তবায়ন ও প্রশাসনিক অপশাসন রোধে স্পষ্ট কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। অবকাঠামোগত ও রাজস্ব ব্যবস্থার সার্বিক দুর্নীতির শেষ বিচারের দায় সরকারের কাছেই বর্তায়। শ্রম মন্ত্রণালয় বা সংসদীয় স্থায়ী কমিটিগুলোতেও এ বিষয়ে পর্যাপ্ত বৈঠক ও উদ্যোগ নেওয়া হয়নি। তাছাড়া দেশের ৮০ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে যুক্ত থাকলেও তাদের মজুরি নির্ধারণ বা দেখভালের বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা কিংবা আলোচনা দেখা যাচ্ছে না।
রপ্তানি বাণিজ্যে পোশাক খাতের ওপর অতিনির্ভরতার বিষয়ে ড. দেবপ্রিয় বলেন, শুধু গার্মেন্টসের ওপর নির্ভর করে শিল্প ও রপ্তানির ৮০ শতাংশ একটি মাত্র খাত থেকে আসার যে জিম্মি অবস্থা তৈরি হয়েছে, তা থেকে বাংলাদেশকে বের হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাজেটে গার্মেন্টস খাত যে সুবিধা পায়, পাট ও চামড়াসহ অন্যান্য রপ্তানি খাতেও বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এসব সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা মূল্যায়ন করা প্রয়োজন।
কেকে/ এমএস