বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
খোলাকাগজ স্পেশাল
এবার শীতেও থাকবে ডেঙ্গুর প্রকোপ
মোহাম্মদ উল্লাহ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঠান্ডা আবহাওয়ায় মশার প্রজনন কম হওয়ায় সাধারণত শীতকালে ডেঙ্গু সংক্রমণ কমে আসে। কিন্তু চলতি নভেম্বরের শীতেও দেখা যাচ্ছে প্রতিদিনই হাজারের ওপরে মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও অন্যান্য বছরের মতো হবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমে এলেও গত বছরের তুলনায় তা এখনো বেশি। এ পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে থাকবে।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গু বাংলাদেশের জন্য বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ রোগ প্রতিরোধের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ডেঙ্গু মৌসুম শুরুর তিন-চার মাস আগে থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় দুই হাজার চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে এবং প্রান্তিক পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘প্রাইমারি হেলথ কেয়ার হাব’ বা ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০৮ জনের মৃত্যু হলো।

এর মধ্যে নভেম্বরের প্রথম ১৬ দিনে মারা গেছেন ৮৮ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল আটটা থেকে গতকাল বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭১৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, ময়মনসিংহে ৫০ এবং সিলেট বিভাগে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে গত সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬১ হাজার ১৯৩ জন। এদিকে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫ হাজার ৬১৭ জন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে গ্রীষ্মমন্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে ডেঙ্গু রোগের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গুরবাহক এডিস মশা তার প্রজনন এবং বসবাসের জন্য নতুন নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সক্ষম হচ্ছে।
 
গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়ায় তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ার সঙ্গে এডিস মশার বংশবৃদ্ধি এবং ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। যদিও জলবায়ু পরিবর্তনের সঙ্গে ডেঙ্গু ভাইরাসের সরাসরি সম্পর্ক নিয়ে পর্যাপ্ত গবেষণা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। তবে ধারণা হরা হয় যে করোনাভাইরাসের মতো ডেঙ্গু ভাইরাসও পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম।

তিনি বলেন, বিভিন্ন স্থানে ব্রুটো ইনডেক্স এখনো ২০-এর ওপরে রয়ে গেছে। এডিস মশার ঘনত্ব এমনই থাকলে নভেম্বর-ডিসেম্বরে শীতের মাঝেও ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি কমবে না। যদি আর বৃষ্টি না হয় তাহলে হয়তো এডিস মশাগুলো কিছু কিছু জায়গায় সীমাবদ্ধ হবে যেখানে বৃষ্টি ছাড়াই পানি জমা হয়।

এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, শীতের সময় ডেঙ্গুর প্রেকোপ থাকবে। বিশেষ করে জানুয়ারি পর্যন্ত এ রোগ কমবে না। কারণ, মশার জীবনচক্র অনুসারে বৃষ্টির এক থেকে দেড় মাস পর্যন্ত ডেঙ্গুর বিস্তার থাকবে। বিশেষ করে গরমের সময় জন্ম নেওয়া মশা ও তার কামড়ে অসুস্থ হওয়া রোগী সংখ্যা বৃদ্ধি আরও কয়েক সপ্তাহ থাকবে। 

তিনি আরও বলেন, ঢাকার হাসপাতালগুলোকে প্রস্তুত করে ডেঙ্গুর প্রতিকার করা যাবে না। প্রথমেই  মশার জন্মস্থান ধ্বংস ও মশক নির্মূল করতে হবে। হাম ও ডেঙ্গু রোগীকে আলাদা করে মশারির মধ্যে রাখতে হবে, যাতে করে সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে। মশক নির্মূলে বিশেষজ্ঞদের অধীনে প্রশিক্ষণ ও কাজের ব্যবস্থা করতে হবে। এলামেলোভাবে কাজ করে কোনো ভালো ফল পাওয়া যাবে না। এখন রাজনৈতিক দল ও সরকার যা করছে, তা কিছুটা এলামেলো কার্যক্রম। এটাকে গুছিয়ে নিয়ে বৈজ্ঞানিক ভিত্তিতে করতে হবে। 

সাধারণ জনগণ, শিক্ষকসহ সব পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এরপর বিশেষজ্ঞদের অধীনে থেকে মশক নির্মূল করতে হবে এবং দেশের আনাচে-কানাচে চিরুনি অভিযান চালাতে হবে। সরকারিভাবে ডেঙ্গু পরীক্ষার সুযোগ থাকলেও তা এখনো সবার কাছে সহজলভ্য নয়। বিশেষ করে ঘনবসতিপূর্ণ বস্তি, নিম্ন আয়ের এলাকা কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য জ্বরের শুরুতেই পরীক্ষা করা কঠিন হয়ে পড়ে। অথচ জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই যদি বিনামূল্যে পরীক্ষা করা যায় এবং রোগী শনাক্ত হয়, তাহলে তাকে যথাযথ পরামর্শ দেওয়া সম্ভব হবে। ডেঙ্গু মোকাবিলাকে কেবল স্বাস্থ্যসেবার বিষয় হিসেবে দেখলে হবে না; এটি সামাজিক নিরাপত্তার বিষয়ও।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ডেঙ্গু আগে শহুরে এবং মৌসুম রোগ ছিল। এখন ডেঙ্গুর প্রকোপ সারা বছর ধরে চলছে। অপরদিকে গ্রামেও ছড়িয়ে পড়েছে এডিস মশা। এ কারণে শীতের সময়ও ডেঙ্গু রোগী পাওয়া যাবে। যদি বৃষ্টি না হয় তবে শীতে  ডেঙ্গুর প্রকোপ কমবে। ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও অন্যান্য বছরের মতো হবে না। এখন এডিস মশা প্রতিরোধে সুনির্দিষ্ট  কেন্দ্রীয় পরিকল্পনা নিতে হবে। প্রয়োজনে কীটতত্ত্ব বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শীত   ডেঙ্গু   প্রকোপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close