বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
খোলা মত ও সম্পাদকীয়
কপ৩১ : প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন জরুরি
অমিত হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

জলবায়ু সংকটের সবচেয়ে বড় সমস্যা এখন প্রতিশ্রুতির অভাব নয়; সমস্যা হলো প্রতিশ্রুতিকে বাস্তব অর্থ, প্রকল্প ও মানুষের জীবনে দৃশ্যমান ফলাফলে রূপান্তর করা।

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক কূটনীতির যাত্রা শুরু হয়েছিল দীর্ঘ বৈজ্ঞানিক ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ১৯৭৯ সালের প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে ১৯৮৮ সালে আইপিসিসি গঠন এবং ১৯৯২ সালের রিও ধরিত্রী সম্মেলনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদ— ইউএনএফসিসিসি গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি তৈরি হয়। ১৯৯৫ সালে বার্লিনে কপ১-এর মাধ্যমে শুরু হয় নিয়মিত কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-এর যাত্রা।

এই ধারাবাহিকতায় ৯-২০ নভেম্বর ২০২৬, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে কপ৩১। এবারের সম্মেলনের মূল দর্শন হলো ডায়ালগ, কনসেনসাস অ্যান্ড অ্যাকশন অর্থাৎ আলোচনা থেকে ঐকমত্য এবং ঐকমত্য থেকে বাস্তবায়ন। কপ৩১-এর অ্যাকশন এজেন্ডা-তে দশটি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে—বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি; সমুদ্র ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণ; খাদ্যনিরাপত্তা ও টেকসই খাদ্যব্যবস্থা; জলবায়ু সহনশীল নগরব্যবস্থা; অর্থায়ন ও বাস্তবায়নের সংযোগ; তরুণ প্রজন্ম ও জলবায়ু শিক্ষা; পরিবেশবান্ধব শিল্পায়ন; পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর; জলবায়ু, জীববৈচিত্র্য ও ভূমি ব্যবস্থাপনার সমন্বয়; জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা।

গত তিন দশকে কিয়োটো প্রটোকল উন্নত দেশগুলোর নিঃসরণ কমানোর আইনগত কাঠামো তৈরি করেছে; কোপেনহেগেন অ্যাকর্ড ২ ডিগ্রি সীমা ও জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি সামনে এনেছে; ২০১৫ সালের প্যারিস চুক্তি ১ দশমিক ৫ ডিগ্রি লক্ষ্যকে বৈশ্বিক জলবায়ু নীতির কেন্দ্রে এনেছে। পরবর্তী সময়ে গ্লাসগো, শারম আল-শেখ, দুবাই ও বাকুর সিদ্ধান্তগুলো নিঃসরণ হ্রাস, লস অ্যান্ড ড্যামেজ এবং জলবায়ু অর্থায়নের কাঠামোকে আরও এগিয়েছে।

কিন্তু অর্থায়নের জায়গাতেই সবচেয়ে বড় প্রশ্ন। কপ২৯-পরবর্তী কাঠামোয় উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়ন বাড়ানোর লক্ষ্য নির্ধারিত হলেও অর্থের ধরন, সহজপ্রাপ্যতা ও অনুদান বনাম ঋণের প্রশ্ন এখনো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য তাই লস অ্যান্ড ড্যামেজ-এর অর্থায়ন, অ্যাডাপ্টেশন ফাইন্যান্স এবং গ্রান্ট-বেসড সাপোর্ট বিশেষ গুরুত্বপূর্ণ। জলবায়ু ক্ষতির বোঝা সামলাতে গিয়ে নতুন ঋণের বোঝা তৈরি হলে তা কোনো টেকসই সমাধান নয়।

কপ৩১-এর ভিশন ২০৩৫ এই জায়গায় কিছু পরিমাপযোগ্য লক্ষ্য সামনে এনেছে। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ফাইনাল এনার্জি ডিমান্ড-এ বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা, বর্জ্য উৎপাদনের সম্ভাব্য বৃদ্ধির হার অর্ধেকে নামানো, ভবন খাতে এনার্জি-ইউজ ইনটেনসিটি অন্তত ২৫ শতাংশ কমানো এবং উৎপাদন ও শিল্পে সার্কুলার ম্যাটেরিয়ালস-এর ব্যবহার অন্তত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে শিক্ষায় জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত করা এবং ২০৩৫ সালের মধ্যে ব্যাপক ক্লাইমেট অ্যাওয়ারনেস তৈরির লক্ষ্যও রয়েছে।

এই এজেন্ডাগুলো বাংলাদেশের বাস্তব প্রয়োজনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ওশানস অ্যান্ড সিজ এজেন্ডা উপকূল, সুন্দরবন ও ব্লু কার্বন সংরক্ষণে কাজে লাগতে পারে। ফুড সিকিউরিটি লবণাক্ততাসহিষ্ণু কৃষি, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থার জন্য প্রযুক্তি ও অর্থায়নের সুযোগ তৈরি করতে পারে। ক্লাইমেট-রেসিলিয়েন্ট সিটিজ ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা, তাপপ্রবাহ ও অবকাঠামোগত ঝুঁকি মোকাবিলায় প্রাসঙ্গিক। গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তৈরি পোশাকসহ শিল্পখাতে জ্বালানি দক্ষতা, পুনর্ব্যবহার ও কম-কার্বন উৎপাদন বাড়ানোর সুযোগ দেয়। আর ব্রিজ বাংলাদেশের এনডিসি ও ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান-কে ব্যাংকেবল প্রজেক্ট-এ রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান কপ৩১-এ বাংলাদেশের পাঁচটি প্রস্তাব তুলে ধরেছেন। প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অ্যাডাপ্টেশন-এ বরাদ্দ; দ্বিতীয়ত, ক্লাইমেট-রেসিলিয়েন্ট ডেট ক্লজেস ও ডেট-ফর-ক্লাইমেট সোয়াপস-এর মাধ্যমে ঋণ-স্বস্তি; তৃতীয়ত, জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও টেকনোলজি ট্রান্সফার; চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে রিনিউয়েবল এনার্জি ট্রানজিশন; এবং পঞ্চমত, ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণ।

বাংলাদেশের কৌশলগত প্রত্যাশা তাই শুধু বেশি অর্থ পাওয়া নয়; অর্থের ধরন, প্রবাহ ও ফল নিশ্চিত করা। কপ৩১-পরবর্তী সময়ে বাংলাদেশের উচিত এনডিসি ও ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান থেকে অগ্রাধিকারভিত্তিক ব্যাংকেবল প্রজেক্ট পাইপলাইন তৈরি করা; অ্যাডাপ্টেশন ফাইন্যান্স-এর জন্য পৃথক প্রকল্পভিত্তিক কূটনীতি জোরদার করা; জলবায়ু অর্থায়নের কত টাকা অনুমোদিত, কত টাকা ছাড় হয়েছে এবং মাঠপর্যায়ে কতটা পৌঁছেছে তার স্বচ্ছ ট্র্যাকিং সিস্টেম চালু করা; উপকূলীয় সুরক্ষা, পানি, কৃষি, নগর ও নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া; এবং প্রতিটি প্রকল্পের জন্য পরিমাপযোগ্য ফলাফল নির্ধারণ করা। ব্রিজ-এর মূল লক্ষ্যই জাতীয় জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্প ও অর্থায়নের সঙ্গে যুক্ত করা।

বাংলাদেশের বৈশ্বিক নিঃসরণে অবদান ০.৫ শতাংশেরও কম তবু জলবায়ু ঝুঁকির প্রভাব এখানে গভীর। ফলে আনতালিয়ায় বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের মাপকাঠি হওয়া উচিত শুধু কতটি প্রতিশ্রুতি আদায় হলো তা নয়; কতটি প্রকল্প অর্থ পেল, কত অর্থ অনুদান হিসেবে এলো, কত মানুষের অভিযোজন সক্ষমতা বাড়ল এবং সেই অর্থ কতটা স্বচ্ছতার সঙ্গে প্রান্তিক মানুষের কাছে পৌঁছাল সেটিই হবে আসল পরীক্ষা। কপ৩১ যদি সত্যিই বাস্তবায়নের কপ হতে চায়, বাংলাদেশেরও এবার দাবি থেকে প্রকল্প, প্রতিশ্রুতি থেকে ফলাফল এবং কূটনীতি থেকে মাঠপর্যায়ের বাস্তবায়নের দিকে যেতে হবে।

লেখক : রিসার্চ অ্যাসোসিয়েট, সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি)

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close