এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছান তিনি।
সফরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করারও কথা রয়েছে তার।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
পরবর্তী সময়ে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কেকে/ এমএস