তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে পড়বে। প্রযুক্তিনির্ভর এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
দেশের অগ্রযাত্রায় নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
কেকে/সাশ