গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোডসহ কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ সৃষ্টি করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ গড়ে তোলেন।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তারা কারখানার ভেতরে অবস্থান নেওয়ার পর একপর্যায়ে মহাসড়কে নেমে এসে অবরোধ সৃষ্টি করেন। এ সময় সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলগামী মানুষ, যাত্রী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ পরিস্থিতিতে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
কেকে/সাশ