বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
প্রথম শ্রেণির পৌরসভায় নেই গণশৌচাগার! জরুরি প্রয়োজনে বিপাকে নারী-শিশুরা
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আজ ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার গুরুত্ব তুলে ধরতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি। অথচ রাজবাড়ীর প্রথম শ্রেণির পাংশা পৌরসভার গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাংশা বাজারে নেই কোনো গণশৌচাগার। প্রতিদিন হাজারো মানুষের সমাগম হলেও জরুরি প্রয়োজনে ব্যবহার করার মতো মানসম্মত পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী, শিশু ও পরিবার নিয়ে বাজারে আসা ক্রেতাদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

প্রায় ২ লাখ ৭৪ হাজার মানুষের বসবাস পাংশা উপজেলায়। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৪ হাজার ৮০০ এবং নারী ১ লাখ ৩৯ হাজার ২৯৭ জন। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২১৩টি গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী রাজবাড়ীর কালুখালী ও কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকেও প্রতিদিন অসংখ্য মানুষ পাংশা বাজারে আসেন। সাধারণ দিনে এ বাজারে ৫ থেকে ৮ হাজার মানুষের সমাগম ঘটে। সাপ্তাহিক হাটের দিনে তা বেড়ে দাঁড়ায় ১০ থেকে ১৫ হাজারে। ঈদের কেনাকাটার মৌসুমে ১৫ থেকে ২৫ হাজার এবং ঈদের আগের শেষ কয়েক দিনে ২০ থেকে ৩০ হাজার মানুষের সমাগম হয়। অথচ এত বিপুলসংখ্যক মানুষের জন্য নেই পর্যাপ্ত ও মানসম্মত গণশৌচাগার।

সরেজমিনে বাজারের ব্যবসায়ী, নারী ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন মার্কেটে নারী-পুরুষের জন্য আলাদা ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা নেই। কোথাও ব্যক্তিগত বা সীমিত ব্যবহারের টয়লেট থাকলেও সেগুলোর পরিবেশ সন্তোষজনক নয়। ফলে প্রয়োজনের মুহূর্তে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে নারী ক্রেতা ও ব্যবসায়ীদের। অনেক নারী ক্রেতা এ সমস্যা নিয়ে অভিযোগও করেন। সামান্য ফি দিয়ে হলেও তাঁরা নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার ব্যবহারের সুযোগ চান।

বিশেষ করে নারীদের জন্য উপযোগী টয়লেট না থাকায় কেনাকাটা কিংবা জরুরি কাজে দীর্ঘ সময় বাজারে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। অনেকে প্রয়োজনীয় কাজ শেষ করেই দ্রুত বাড়ি ফিরতে বাধ্য হন। আবার কেউ কেউ বাইরে দীর্ঘ সময় থাকার কথা ভেবে পানি পান কমিয়ে দেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে পাংশা বাজারে ব্যবসা করছেন এমন এক ব্যবসায়ী বলেন, ‘এত বড় বাজারে নারীদের জন্য ভালো কোনো ওয়াশরুম নেই। নারী ক্রেতারা এসে প্রায়ই এ সমস্যা নিয়ে অভিযোগ করেন। সামান্য ফি দিয়ে হলেও তাঁরা নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করতে চান। পৌরসভার উদ্যোগে বাজারে নারীদের জন্য আলাদা শৌচাগার নির্মাণ করা জরুরি।’

আরেক ব্যবসায়ী বলেন, ‘দূর-দূরান্ত থেকে মানুষ এই বাজারে কেনাকাটা করতে আসেন। কিন্তু প্রয়োজনের সময় ব্যবহার করার মতো ভালো কোনো পাবলিক টয়লেট নেই। বিশেষ করে নারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। বিষয়টি দীর্ঘদিনের হলেও এখনো কার্যকর সমাধান হয়নি।’

বাজারের এক নারী ব্যবসায়ী বলেন, ‘আমাদের অনেক নারী দোকানদার রয়েছেন। প্রতিদিন নারী ক্রেতারাও আসেন। কিন্তু তাঁদের জন্য ভালো পরিবেশের কোনো বাথরুম নেই। আমরা চাই, নারীদের জন্য আলাদা ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হোক।’

পরিবার নিয়ে বাজারে আসা এক ক্রেতা বলেন, ‘পাংশা বাজার অনেক বড়। এখানে নারী ও শিশুদের নিয়ে কেনাকাটা করতে আসতে হয়। কিন্তু প্রয়োজনের সময় ব্যবহার করার মতো কোনো ভালো পাবলিক টয়লেট নেই। সরকারি উদ্যোগে নারী ও শিশুবান্ধব শৌচাগার নির্মাণ করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।’

উল্লেখ্য, ২০০১ সালে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের (ডব্লিউটিও) প্রতিষ্ঠাতা জ্যাক সিম বিশ্ব টয়লেট দিবস পালনের উদ্যোগ নেন। পরবর্তী সময়ে ২০১৩ সালে জাতিসংঘ ১৯ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব টয়লেট দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। দিবসটির মূল লক্ষ্য নিরাপদ স্যানিটেশন সুবিধার গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। তবে দিবসটি পালনের দিনেও পাংশা পৌর এলাকার গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে গণশৌচাগারের সংকট স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে রয়েছে।

এ বিষয়ে পাংশা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, ‘পাংশা বাজার, বিভিন্ন মার্কেট ও বাসস্ট্যান্ডসহ জনসমাগমস্থলগুলোতে নারী-বান্ধব এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী টয়লেটের সংখ্যা খুবই অপ্রতুল। বাজারে নতুন টয়লেট নির্মাণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। দ্রুত কাজ এগিয়ে নেওয়ার আশা করছি।’

তিনি আরও বলেন, ‘নতুন একটি নীতিমালার কপি পাওয়া গেছে। সেই নীতিমালার আলোকে স্থানীয় সরকার বিভাগের বরাদ্দ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দৃষ্টিনন্দন, স্বাস্থ্যসম্মত এবং নারী-পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার ব্যবহার উপযোগী টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close