লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলার নিকো পাজকে ঘিরে আলোচনা বাড়ছে। কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে জোড়া গোল করে আলোচনায় আসেন ২২ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার। এরই মধ্যে মেসির মা সেলিয়া কুচিত্তিনির সঙ্গে নিকো পাজের এক আবেগঘন সাক্ষাতের ঘটনা সামনে এনেছেন তার চাচা ফাবিয়ান পাজ।
আর্জেন্টিনার পরিচিত ডিজাইনার ও ফ্যাশন বিশ্লেষক ফাবিয়ান পাজ রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মেসির বিদায়ী ম্যাচের পর তার মায়ের সঙ্গে দেখা হয়েছিল নিকোর। সে সময় আবেগাপ্লুত সেলিয়া কুচিত্তিনি নিকোকে নিজের ছেলের উত্তরসূরি হিসেবে উল্লেখ করেন।
ফাবিয়ান পাজ বলেন, ‘নিকো খুব শান্ত ও মাটির মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল মেসির সঙ্গে দেখা করা এবং তার সঙ্গে খেলতে পারা। সেটা যেন স্বপ্নের শিখরে পৌঁছানোর মতো।’
তিনি জানান, গত ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর ঘটনাটি ঘটে। ওই ম্যাচটি ছিল জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ।
সেদিনের স্মৃতিচারণ করে ফাবিয়ান বলেন, ‘আমি যখন মেসির বিদায়ী ম্যাচ দেখতে গিয়েছিলাম, তখন তিনি ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন। সেখানে মেসির মা ছিলেন, আবেগে কাঁদছিলেন। নিকো তাকে চিনত বলে শুভেচ্ছা জানাতে এগিয়ে যায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, “তুমি আমার ছেলের উত্তরসূরি।”’
ফাবিয়ানের ভাষ্য অনুযায়ী, মেসির মায়ের এমন মন্তব্যে বিস্মিত হয়ে পড়েছিলেন নিকো। নিজের কাছেও মুহূর্তটি ছিল অবিশ্বাস্য।
স্পেনের টেনেরিফে জন্ম ও বেড়ে ওঠা নিকো পাজের শিকড় আর্জেন্টিনায়। দেশটিতে নিয়মিত বসবাস না করায় আর্জেন্টিনার ফুটবল ঘিরে মানুষের আবেগ ও উন্মাদনা তাকে এখনো বিস্মিত করে বলে জানান তার চাচা।
ফাবিয়ান বলেন, আর্জেন্টিনায় অন্য খেলোয়াড়দের মতো নিকোকে এতটা চাপ অনুভব করতে হয় না। তবে দেশটির ফুটবলপ্রেমীদের আবেগ ও উচ্ছ্বাস তার কাছে সব সময়ই বিশেষ কিছু।
রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে আসা নিকো পাজ ধীরে ধীরে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের অবস্থান শক্ত করছেন। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও নজর কেড়েছে। গত পাঁচ ম্যাচে ছয় গোলে অবদান রেখেছেন এই তরুণ ফুটবলার।
তার পারফরম্যান্সে সন্তুষ্ট আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিকোর সামনে আরও অনেক কিছু দেওয়ার সুযোগ রয়েছে। সে একজন পরিপূর্ণ ফুটবলারের মতো খেলছে। তবে বয়স বিবেচনায় তাকে ধীরে ধীরে এগিয়ে নিতে চান তারা।
এদিকে ভবিষ্যতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি নিয়ে ভাবতে চান না নিকো। জাতীয় দলের হয়ে খেলতে পারা এবং ফুটবল উপভোগ করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
নিকো বলেন, ‘সত্যি বলতে, আমি এসব নিয়ে ভাবি না। আমার ভাবনা হলো আজকের মতো দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ করা। কারণ ফুটবল খেলতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার ওপর জাতীয় দলের প্রতিনিধিত্ব করা, এত মানুষের প্রতিনিধিত্ব করা, এসবের জন্যই আমি খেলি।’
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ রয়েছে। তবে স্কালোনি জানিয়েছেন, এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি। ফলে মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার নতুন তারকা হিসেবে নিকো পাজের উত্থান এখন বাড়তি আলোচনার জন্ম দিচ্ছে।
কেকে/ এমএস