বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
খোলাকাগজ স্পেশাল
আ.লীগ প্রতিরোধের ঘোষণা জামায়াতের, মাঠে এনসিপি
শিপার মাহমুদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৩২ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ১:৪০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ইস্যুতে অবশেষে সরব হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদ মোকাবিলায় গত কয়েকদিন ধরে দলটির নীরব ভূমিকা থাকলে এবার প্রতিরোধের ঘোষণা দিয়েছে। ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও ডিসেম্বরজুড়ে কর্মসূচি পালন করবে দলটি। একইসঙ্গে দেশের অন্যান্য রাজনৈতিক দলকেও মাঠে নামার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ২৪ নভেম্বর ঢাকায় বিক্ষোভ করবে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে এখনো পর্যন্ত আওয়ামী লীগের নৈরাজ্যরোধে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ঘোষণা দেয়নি জুলাই গণঅভ্যুত্থানে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাফিদ ভূঁইয়া খোলা কাগজকে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা না করলেও ফ্যাসিবাদ মোকাবিলায় তারা শুরু থেকেই মাঠে আছেন। এ ছাড়া পরিকল্পনার চলছে। খুব শিগগির দলীয় কর্মসূচির ঘোষণা আসবে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এরও আগে সকাল ১১টায় দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক সংকট কেটে যাবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।

গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এবং সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের করণীয় ও জনগণের প্রতি বার্তা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান ধরে রাখতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এ লক্ষ্যে জামায়াত ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালন করবে। আগামী ২১ তারিখ শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। মাসব্যাপী অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরবর্তী সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে।

তিনি দেশের সব রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকার আহ্বান জানান। একইসঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অনুরোধ করেন।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেওয়ার দাবিতে তারা ইতোমধ্যে লংমার্চ, সভা-সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। রাজধানী থেকে করিমগঞ্জ পর্যন্ত লংমার্চসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলার চেষ্টা করেছেন। জনগণ গণভোটের রায় মেনে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াত কোনো সমর্থন দেবে না। বরং সরকার তাদের ফিরিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা করছে কি না, সে ধরনের পরিস্থিতি তারা লক্ষ করছেন।

বিএনপির সঙ্গে একযোগে মাঠে থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ও বিএনপি একই দল নয়। বিএনপি সরকার পরিচালনা করছে, আর জামায়াত বিরোধী দলে রয়েছে। তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে। তারা রাজপথে ও সংসদে নিজেদের অবস্থান থেকে কাজ করছেন। নতুন করে অবস্থান নেওয়ার কোনো ঘোষণাও নেই বলে জানান তিনি।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আ.লীগ প্রতিরোধ   জামায়াত-এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close