রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরজুড়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল জোরদারের পাশাপাশি সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে।
নিয়াজ মেহেদী বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে রাজধানীতে আশ্রয় নেওয়া ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যাতে নির্বিঘ্নে চলাফেরা, দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। এ লক্ষ্যে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।
কেকে/সাশ