পলাতক স্বৈরাচার দেশের ওপারের প্রভুদের সন্তুষ্ট করতে আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গুম, খুন ও মানুষের ভোটাধিকার হরণের রাজনীতি দেশের জনগণ আর মেনে নেবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সরকার যখন জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যারা একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর দেশ শাসন করেছে, তারাই আবারও নানা ষড়যন্ত্রে জড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর কোনো ডামি নির্বাচন দেখতে চায় না। যারা দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় ছিল, তারা কেন তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করেনি, সেই প্রশ্নও রাখেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষ গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। মানুষ হত্যা করে যারা ক্ষমতা ধরে রাখতে চায়, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। জনগণ এখন নিরাপত্তা এবং নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়।
২০২৪ সালের মতো স্বৈরাচারের বিরুদ্ধে আবারও রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্র রক্ষায় ওই সময় যেসব রাজনৈতিক দল একসঙ্গে হয়েছিল, তাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে মোকাবিলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাবেদারি শক্তির বিরুদ্ধে এখন একটাই বার্তা—‘এনাফ ইজ এনাফ’।
জনসভায় সরকারের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খনন করা এসব খাল তরুণদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা মাছ চাষসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
তারেক রহমান বলেন, চলতি বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়া হবে। ছোট শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি নতুন স্কুল ড্রেস দেওয়া হবে। এ ছাড়া ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে।
তিনি আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ চালু করা হবে।
কেকে/সাশ