দীর্ঘদিনের অবহেলা আর অযত্নের অবসান ঘটিয়ে নতুন করে শিশুদের জন্য উন্মুক্ত করা হলো মানিকগঞ্জ জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা শিশু পার্ক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
বিগত সরকারের আমলে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল পার্কটি। ময়লা-আবর্জনা, ঝোপঝাড়ে ছেয়ে গিয়েছিল পুরো এলাকা। অকেজো হয়ে পড়েছিল শিশুদের বিনোদনের বিভিন্ন রাইড। ফলে জেলার একমাত্র শিশু পার্কটি থেকে বঞ্চিত হচ্ছিল শিশুরা।নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে শিশুদের জন্য আবারও উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ সদস্য আফরোজা খানম রিতা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সংস্কার শেষে পার্কটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, জেলার একমাত্র শিশু পার্কটি বিগত সময়ে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। স্থানীয় শিশুদের চিত্তবিনোদনের কথা বিবেচনা করে নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছি। শিশুরা যেন সুন্দর ও আনন্দময় পরিবেশে সময় কাটাতে পারে, সেটিই আমার প্রত্যাশা।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস