কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় জিসান (২৫) নামে নছিমনচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কাজীপাড়া এলাকায় গাজী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার শওরাতলা গ্রামের বদরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-২২-০০৯৭ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে এসে নছিমনটিকে ধাক্কা দেয়। এতে নছিমনচালক জিসান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাক ও নছিমনটি চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন আটক করা হয়েছে।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/সাশ