রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হত্যাচেষ্টা হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে রংপুর মহানগরীর পরশুরাম থানার সোটাপীর এলাকার ‘ড্রিম টাচ’ নামের একটি ফুলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমানের অবস্থান শনাক্ত করে প্রথমে সাদাপোশাকে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা যাচাই করেন। পরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আমান গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা মামলা নম্বর ০৫ (৪ অক্টোবর ২০২৬) এবং জিআর নম্বর ২৮৬/২৬-এর এক নম্বর আসামি।
গ্রেপ্তার আমানুজ্জামান আমান (২৪) উপজেলার উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজারে হামলার শিকার হন সাংবাদিক আব্দুল বারী দুলাল। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে তার ওপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালান গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম। এ সময় ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে অভিযানের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সাংবাদিক দুলালকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য, ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উমর বাজারে একা পেয়ে কয়েকজন ব্যক্তি সাংবাদিক দুলালের পথরোধ করেন। এ সময় কয়েকজন তার গলা চেপে ধরেন এবং পেছন থেকে হাত আটকে রাখেন। একপর্যায়ে পেছন থেকে আরেক ব্যক্তি কাঠ কাটার ধারালো কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। এরপরও তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
হামলাকারীরা এ সময় তার সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা এবং শার্টের বাম পকেটে থাকা অপো এ৫৭ মডেলের একটি মুঠোফোন নিয়ে যান। বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় ছেলের সেমিস্টার ফি ও থাকা-খাওয়ার খরচ বিকাশে পাঠানোর জন্য ওই টাকা সঙ্গে রেখেছিলেন দুলাল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি। তিনি গঙ্গাচড়া উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি। তার ছেলে ওয়াসিমুল বারী সিয়াম ঢাকায় বাংলাদেশ বুলেটিনে সাংবাদিকতা করছেন।
এ ঘটনায় ৪ অক্টোবর গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন সাংবাদিক দুলাল। মামলায় আমানুজ্জামান আমান (২৪), কামরুজ্জামান (২৬), রোকনুজ্জামান বাবু (২১), তাজ উদ্দিন (৫২), বেলাল হোসেন (৪৩), হাবিবুর রহমান ওরফে লিখন (৩৩), খোরশেদ আলম (৩৮) ও লাল মিয়াকে (৪৮) আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে প্রথম তিনজন উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে। তাজ উদ্দিন ও বেলাল হোসেন মৃত আব্দুল গফুরের ছেলে। হাবিবুর রহমান ওরফে লিখন লুৎফর রহমানের ছেলে। খোরশেদ আলম জয়দেব এলাকার ২ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়ার আজিজুল ইসলামের ছেলে এবং লাল মিয়া মৃত নুরুল হকের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, ‘বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি আমানুজ্জামান আমান দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রংপুরের সোটাপীর এলাকার ড্রিম টাচ ফুলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
কেকে/সাশ