রাজশাহী সীমান্তে গত ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার বেশি মূল্যের অস্ত্র, মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৬ দশমিক ৬৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা।
জব্দ করা অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে পাঁচটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, ৯০০ গ্রাম হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা ও ১ হাজার ১৬১ পিস ফেনসিডিল। এ ছাড়া বিপুল পরিমাণ মদ, গাঁজা, বিভিন্ন ধরনের সিরাপ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে।
অভিযানে সাতটি কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির অংশবিশেষ এবং চারটি ভারতীয় গরুও উদ্ধার করা হয়।
সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিন-রাত ২৪ ঘণ্টা টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট পরিচালনা করছে বিজিবি। নজরদারি বাড়াতে দায়িত্বপূর্ণ সব বিওপিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পদ্মা নদীতীরবর্তী এলাকায় ড্রোন ব্যবহার এবং স্পিডবোট ও নৌকায় টহল দেওয়া হচ্ছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচন, ধর্মীয় অনুষ্ঠান ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছে রাজশাহী ব্যাটালিয়ন।
কেকে/সাশ