কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে বহুতল ভবন নির্মাণ নিয়ে দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। সৈকতসংলগ্ন পেভেলস্টোন সি রিসোর্ট (প্রা.) লিমিটেডকে সরকারি খাসজমি ও বালিয়াড়িতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চলমান নির্মাণকাজ বন্ধ, অবৈধ স্থাপনা অপসারণ এবং জমির মালিকানা ও নির্মাণসংক্রান্ত বৈধ কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে উচ্ছেদসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সিয়ামের স্বাক্ষরে রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক/ব্যবস্থাপকের কাছে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, ইনানী সমুদ্রসৈকত এলাকায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সরকারি খাসজমি ও প্রাকৃতিক বালিয়াড়ি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়ে সরেজমিনে তথ্য পাওয়া গেছে। এ ধরনের কার্যক্রম উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ।
এতে ২০১১ সালের ৭ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৯৬/২০১১’-এর আদেশের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, ইনানীসহ কক্সবাজার সমুদ্রসৈকতের সংশ্লিষ্ট প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ইসিএভুক্ত এলাকা, সরকারি খাসজমি ও প্রাকৃতিক বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ, ভূমির শ্রেণি পরিবর্তন কিংবা পরিবেশের ভারসাম্য নষ্ট করে, এমন কার্যক্রম আইন ও আদালতের নির্দেশনার পরিপন্থী।
পেভেলস্টোন রিসোর্ট কর্তৃপক্ষের দায়ের করা রিট পিটিশন নম্বর ১১৯৮/২০২৬ এবং সংশ্লিষ্ট জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট জমিতে পুনরায় ভবন নির্মাণ ও জমির অবস্থান পরিবর্তনসংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আগামী শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার মধ্যে সরকারি খাসজমি ও ইসিএভুক্ত বালিয়াড়িতে নির্মিত বা নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার মধ্যে জমির মালিকানা ও নির্মাণের অনুমোদনসংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী উচ্ছেদসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এর আগে বুধবার দৈনিক খোলা কাগজে ‘ইনানীতে বালিয়াড়ি গিলে বহুতল ভবন, পেভেলস্টোনের থাবায় বিপন্ন সৈকত!’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ইনানী সমুদ্রসৈকতসংলগ্ন বালিয়াড়ি ঘেঁষে বহুতল ভবন নির্মাণ, ইসিএ আইন লঙ্ঘনের অভিযোগ, পূর্বের উচ্ছেদ অভিযানের পরও নতুন করে নির্মাণকাজ শুরু এবং উচ্চ আদালতের স্থিতাবস্থার নির্দেশনার মধ্যেও নির্মাণকাজ চলার বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রশাসনের নোটিশ জারির ঘটনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তবে তাদের আশঙ্কা, শুধু নোটিশ জারি করেই যেন প্রশাসনের কার্যক্রম শেষ না হয়। নির্মাণকাজ বন্ধ রয়েছে কি না, অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে কি না এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে কি না, তা সরেজমিনে তদারকির দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, ইনানী সমুদ্রসৈকতের মতো গুরুত্বপূর্ণ পর্যটন ও পরিবেশগত এলাকায় সরকারি জমি এবং প্রাকৃতিক বালিয়াড়ি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি। প্রয়োজনে ঊর্ধ্বতন প্রশাসনের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে সরকারি জমি ও বালিয়াড়ি দখলমুক্ত করতে হবে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বালিয়াড়ি উপকূলীয় এলাকার প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও বালিয়াড়ির স্বাভাবিক গঠন নষ্ট হলে দীর্ঘমেয়াদে সৈকতের পরিবেশগত ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
কেকে/ এসএমএন