মাগুরার মহম্মদপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি শস্য প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচিতে ৬ হাজার কৃষক সরিষা এবং ৯০০ কৃষক মসুর চাষের জন্য কৃষি উপকরণ সহায়তা পাবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। এ সময় প্রতীকীভাবে কৃষকদের হাতে সরিষা ও মসুর বীজ তুলে দেওয়া হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। অন্যদিকে, মসুর চাষের জন্য প্রত্যেক কৃষক পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। প্রতিটি প্যাকেজ এক বিঘা জমিতে চাষের জন্য নির্ধারিত।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী মো. আবু আহসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ মতিউর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও বেদবতী মিস্ত্রী বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আবাদ খরচ কমাতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন স্বচ্ছতার সঙ্গে এ সুবিধা পান, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু জানান, আনুষ্ঠানিকভাবে প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব কৃষকের মাঝে সারসহ নির্ধারিত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হবে।
কেকে/ এসএমএন