রাজশাহীতে একই রাতে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ, রেললাইনে আগুন দিয়ে লাল নিশান টানানো, ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় কেউ হতাহত না হলেও বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনের বাগমারী এলাকায় রেললাইনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে লাল নিশান টানিয়ে দেয় দুর্বৃত্তরা।
এতে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি মেইল ট্রেন আটকে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে লাল নিশান সরিয়ে দিলে প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। পুলিশ জানিয়েছে, রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি নন-এসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে বাসটির আসন ও ইঞ্জিন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তাপে পাশে থাকা একটি এসি বাসের জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ডিপোর নাইট গার্ড ও স্থানীয়দের ভাষ্য, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
এই দিন গভীর রাতে নগরীর ভেড়িপাড়া মোড়ে খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
এ ছাড়া জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের সামনে পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।
এক রাতের মধ্যে এসব পৃথক ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে আরএমপি পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
কেকে/ এসএমএন