জাতীয় ঐক্যের মাধ্যমে সন্ত্রাস ও হত্যার রাজনীতি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাটের ১ নম্বর সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সরোয়ার আলমগীর বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করতে দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। অতীতে যারা মাফিয়াতন্ত্র কায়েম করে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করেছিল, তারাই নতুন করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘অতীতে যারা মানুষ হত্যা করেছে, তারা আবারও হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। দেশের স্বার্থে ১৫ আগস্টের আগে গড়ে ওঠা জাতীয় ঐক্যের মতো ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দল-মতনির্বিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণকে আবার জেগে উঠে ৫ আগস্টের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। এ জন্য সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণকে রাজপথে নামতে হবে।’
দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, ‘পেছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। দেশের বাইরে থেকে এসে কেউ বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টি করবে, আর এ দেশের মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করবে, তা হতে পারে না।’
প্রশাসনের কিছু কর্মকর্তার সঙ্গে সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন সরোয়ার আলমগীর। তিনি বলেন, ‘কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে আমাদের কাছে সব তথ্য ও রেকর্ড রয়েছে।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা চিহ্নিত হয়েছেন দাবি করে তিনি তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান।
তবে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সন্ত্রাসীদের যোগসাজশের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য সমাবেশে পাওয়া যায়নি। অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সরোয়ার আলমগীর আরও বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এ দেশকে আবার অশান্ত করার চেষ্টা করে কেউ সফল হবে না। অতীতে যেভাবে ফ্যাসিবাদের পতন হয়েছিল, একইভাবে যারা হত্যার রাজনীতি চালিয়ে যাচ্ছে, তাদেরও সেই পরিণতি বরণ করতে হবে।’
সমাবেশে উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এসএমএন